কারিগরি বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ | চ্যানেল আই অনলাইন

কারিগরি বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ৬ আগস্ট থেকে শুরু হয়ে ১৩ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (২ আগস্ট) কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দেশের সব জেলায় নতুন সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষা গ্রহণের কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রয়োজন হলে সরকারি ছুটির দিনেও ব্যবহারিক পরীক্ষা নেওয়া যাবে।

এতে আরও বলা হয়, ব্যবহারিক পরীক্ষা শেষে আগামী ১৪ থেকে ১৮ আগস্টের মধ্যে কেন্দ্র ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর বোর্ডে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরিস্থিতি ও বিশেষ প্রয়োজন বিবেচনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রয়োজনে যেকোনো সময় এ সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে।