রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলভিত্তিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ৩০ জুলাই এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত চিঠিটি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলিক আয়োজনে আসন বিন্যাস, আমন্ত্রণপত্র ও সরকারি চিঠিপত্রে নামের ক্রম নির্ধারণসহ সব ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণ করতে হবে। এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠান ও প্রটোকল-সংক্রান্ত কার্যক্রমে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নির্দেশনা বাস্তবায়িত হলে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা তাদের প্রাপ্য রাষ্ট্রীয় প্রটোকল ও মর্যাদা পাবেন বলে আশা করছে স্থানীয় সরকার বিভাগ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
চিঠিটির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট ১১টি দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।




