প্রায় ১৫ মাস লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) ছেলে মিরাজুল মইন জয়ের সঙ্গে ঢাকায় পৌঁছান তিনি।
চ্যানেল আই অনলাইনকে ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় জানান, এটি সাময়িক সফর। চলতি মাসের ১৫ আগস্ট আবারও চিকিৎসার জন্য লন্ডনে ফিরে যাবেন তার বাবা।
তিনি আরও জানান, চিকিৎসাধীন থাকলেও আগামী ৭ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের একটি সমাবেশে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে ইলিয়াস কাঞ্চনের।
বাবার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জয় বলেন, লন্ডনের চিকিৎসকদের মতে ইলিয়াস কাঞ্চনের অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে। সেখানে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় থেরাপি চলমান রয়েছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানেই তার পরবর্তী চিকিৎসা পরিকল্পনা এগিয়ে যাচ্ছে। গত বছর দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর লন্ডনের একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের একটি বড় অংশ অপসারণের পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা, থেরাপি এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
দীর্ঘ চিকিৎসার পর স্বল্প সময়ের জন্য দেশে ফেরা এবং শারীরিক অবস্থার উন্নতির খবর তার ভক্ত-অনুরাগীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।





