রাষ্ট্রপতির শূন্য পদে সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম নিয়ে জোর আলোচনা চললেও বিএনপি সরকার তার সঙ্গে এ বিষয়ে কোনো যোগাযোগ করেনি। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র।
পরিচয় প্রকাশ না করার শর্তে বিএনপি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।’
সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এক্ষেত্রে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। যদিও ড. ইউনূসকে রাষ্ট্রপতির পদে প্রস্তাব দেওয়া হতে পারে বলে জল্পনা চলছিল। তবে তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি রাজনৈতিক সরকারের কোনো দায়িত্ব নিতে আগ্রহী নন।
উল্লেখ্য, গত মাসে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশের সংসদীয় শাসনব্যবস্থায় রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা সীমিত হলেও রাজনৈতিক সংকট, নেতৃত্বের শূন্যতা বা সাংবিধানিক রূপান্তরের সময়ে এ পদটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে জাতিসংঘের বর্তমান মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে ড. মুহাম্মদ ইউনূসকে সম্ভাব্য মহাসচিব পদপ্রার্থী হিসেবেও আলোচনা চলছে। ড. ইউনূসের এক ঘনিষ্ঠ সহকারী জানিয়েছেন, আন্তর্জাতিক মহলে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হলেও তিনি এই মুহূর্তে জাতিসংঘে কোনো দায়িত্ব গ্রহণেও আগ্রহী নন।
সূত্র: ডেইলি ওয়াদা




