ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড | চ্যানেল আই অনলাইন

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড | চ্যানেল আই অনলাইন

মাঠের পাশে কংক্রিট, ইট বা ব্রিজ ব্লকের শক্ত দেয়ালে ধাক্কা লেগে এক ফুটবলারের মৃত্যুর পর নিরাপত্তা জোরদারে নতুন নিয়ম চালু করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ন্যাশনাল লিগ সিস্টেমের মাঠগুলোতে এ ধরনের শক্ত বাধা আর রাখা যাবে না।

গত বছরের সেপ্টেম্বরে উইনগেট অ্যান্ড ফিঞ্চলির মাঠে ম্যাচ চলাকালে বল ধরে রাখার চেষ্টা করতে গিয়ে কংক্রিটের দেয়ালে ধাক্কা লেগে গুরুতর মস্তিষ্কে আঘাত পান চিচেস্টার সিটির ২১ বর্ষী ফরোয়ার্ড ও আর্সেনালের সাবেক যুব খেলোয়াড় বিলি ভিগার। পরে তার মৃত্যু হয়। এ ঘটনার পরই মাঠের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা শুরু করে এফএ।

নতুন নিয়ম অনুযায়ী, পুরুষদের ন্যাশনাল লিগ সিস্টেমের স্টেপ-১ থেকে স্টেপ-৬ এবং উইমেনস ন্যাশনাল লিগের তৃতীয় ও চতুর্থ স্তরের মাঠে ইট, ব্রিজ ব্লক বা কংক্রিটের দেয়াল রাখা যাবে না। ইতোমধ্যে প্রায় ৯০০ ক্লাবের মধ্যে ১৬০টিকে মাঠে পরিবর্তন আনার নির্দেশ দেয়া হয়েছে।

এফএ জানিয়েছে, যেসব শক্ত দেয়াল রয়েছে সেগুলো দ্রুত অপসারণ করতে হবে। কাঠামোগত কারণে সম্ভব না হলে সেগুলোতে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সংস্কারকাজে অর্থায়ন করবে এফএ ও প্রিমিয়ার লিগের স্টেডিয়াম ফান্ড।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খেলোয়াড়দের সংগঠন পিএফএ। তাদের মতে, নতুন নীতির কার্যকর বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ক্লাবগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, ‘খেলোয়াড়দের নিরাপত্তাই সবসময় সবার আগে।’