বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য ভারতীয় হাইকমিশনারের | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য ভারতীয় হাইকমিশনারের | চ্যানেল আই অনলাইন

আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ‘সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি।’ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জনবান্ধব ব্যক্তি বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (৯ অগাস্ট) দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবারের সৌজন্য সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সম্মান করে। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।’

ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তিনি বলেন, ‘সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি।’

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ রয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ‘এখানে কোনো নেতিবাচক বিষয় নেই, সবই ইতিবাচক’—যোগ করেন তিনি।