আবারও বিয়ে করলেন অভিনেত্রী সোহানা সাবা। দেড় বছরেরও বেশি সময় আগে ব্যবসায়ী ফয়সালকে বিয়ে করেছেন তিনি।
ফয়সালের সঙ্গে সোহানা সাবার প্রেমের সম্পর্ক ছিল সাড়ে পাঁচ বছরের। তবে বিয়ের দিন-তারিখ প্রকাশ করতে চাননি অভিনেত্রী।
সোহানা সাবা জানান, প্রথম দেখাতেই ফয়সালকে মনে হয়েছিল, এই মানুষটির জন্যই তিনি অপেক্ষা করছিলেন। বিয়ের খবরটি তার ছেলে ইতিবাচকভাবে নিয়েছে এবং নতুন জীবনে সে বেশ খুশি।
এর আগে নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছরের সংসার ছিল সোহানা সাবার। তাদের এক সন্তান রয়েছে। বিচ্ছেদের পর নতুন করে জীবন শুরু করেন তিনি।
ব্যক্তিগত জীবনের এই সুন্দর পরিবর্তনের পাশাপাশি অভিনয় অঙ্গনেও সোহানা সাবার পদচারণা বেশ সমৃদ্ধ। টেলিভিশন নাটক দিয়ে শুরু করে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ এবং কবরী পরিচালিত ‘আয়না’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।
পরবর্তীতে ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’-এর মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। সীমান্ত ছাড়িয়ে ওপারে ভারতের ‘ষড়্রিপু’ ও ‘এপার-ওপার’ এবং আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমাতেও তার অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন সাবা।






