সাইফুল ইসলাম : মানিকগঞ্জের শিবালয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যৌথ অভিযানকারী দল। এ ঘটনায় ‘মেসার্স বিউটি টোবাকো কোম্পানি’ নামের একটি কারখানা সিলগালা করেছে কাস্টমস ও ভ্যাট কর্তৃপক্ষ।
বুধবার (১২ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মাবেন্দ্র বালো।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানাধীন ওই কারখানায় অভিযান চালানো হয়। মানিকগঞ্জ জেলা ডিবির একটি দল এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারি রাজস্ব কর্মকর্তা ( শিবালয় সার্কেল) মো. আলমগীর মনসুর।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানাটিতে নিবন্ধিত পণ্যের আড়ালে অননুমোদিত পণ্য প্রস্তুত করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নিবন্ধিত পণ্যের বাইরে অন্য কোনো পণ্য পাওয়া না গেলেও সরকারের রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে ব্যবহৃত নকল ব্যান্ডরোলের উপস্থিতি শনাক্ত করা হয়।
পরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট মানিকগঞ্জ বিভাগের বিভাগীয় কর্মকর্তার উপস্থিতিতে কারখানা থেকে ৩৭ কার্টুন নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়। প্রতি কার্টুনে ১০ হাজার শলাকা হিসেবে জব্দ করা সিগারেটের মোট পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৭০ হাজার শলাকা।
মানবেন্দ্র বালো জানান, নকল ব্যান্ডরোল ব্যবহার করে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে মেসার্স বিউটি টোবাকো কারখানাটি সিলগালা করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।



