প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, ভারত-জাপান এখনো কোন সফর চূড়ান্ত হয়নি। বিভিন্ন কাজে প্রধানমন্ত্রী এখন ব্যস্ত এবং ভারত সফরসহ অন্যান্য সফর কোন কিছুই এখনও ফাইনাল হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সঙ্গে আলোচনা করে ফাইনাল হবে।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগদানের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে ব্রিকস তো অনেক দেরি। এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন আর সামনে আবার পার্লামেন্ট সেশন বসবে। সবকিছু নিয়েই দেশের ইন্টারনালি আমাদের অনেক কর্মসূচি আছে, সেগুলোর কাজ চলছে। সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে রয়েছে। সেই জায়গা থেকে সরকারও ব্যস্ত রয়েছে। প্রধানমন্ত্রীও ব্যস্ত। তার মধ্যেই যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব দেশেই সফর হবে। সেটা দেখা যাক।
তিনি বলেন, আমি আবারও বলছি। সব দেশ সফরের ক্ষেত্রেই সরকার পজিটিভ আছে। কিন্তু এটা নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়ের ওপরে এবং দুই দেশের আলোচনার কতটুক এগোচ্ছে সেটার ওপর।
বাংলাদেশ-ভারতের সম্পর্কের প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, কোন সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয় তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগে সদব্যবহার করা এবং আমরা তো আগেই বলেছি যে, একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না, নেয় না।






