ডারউইনে মিরাজ-স্টার্ক বাকযুদ্ধ: ‘তুমি এখন বাংলাদেশে নেই’ বলে অজি পেসারের স্লেজিং – DesheBideshe

ডারউইনে মিরাজ-স্টার্ক বাকযুদ্ধ: ‘তুমি এখন বাংলাদেশে নেই’ বলে অজি পেসারের স্লেজিং – DesheBideshe


ক্যানবেরা, ১৪ আগস্ট – ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় দিনেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। অজি বোলারদের দাপট সামলে টাইগার ব্যাটাররা যখন রানের পাহাড় গড়ছেন, তখন মাঠে তৈরি হয় এক উত্তপ্ত পরিস্থিতি। মেজাজ হারিয়ে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে বাকযুদ্ধে জড়ান অজি গতিদানব মিচেল স্টার্ক।

ঘটনাটি ঘটে ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের করা ২১তম ওভারের পঞ্চম বলটি পয়েন্টে ঠেলে দিয়ে এক রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন মিরাজ। ক্রিকেটের নিয়ম অনুযায়ী ব্যাটার ও বোলার উভয়কেই পিচের সুরক্ষিত বা মাঝের অংশ এড়িয়ে দৌড়াতে হয়। রান নেওয়ার সময় মিরাজ শুরুতে বলের দিকে তাকিয়ে থাকায় সামনে থাকা স্টার্ককে খেয়াল করতে পারেননি। স্টার্কের মুখোমুখি হয়ে পড়লে সংঘর্ষ এড়াতে মিরাজ পিচের মাঝখান দিয়েই দৌড় শেষ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে আম্পায়ার কুমার ধর্মসেনার নজরে আসে এবং তিনি মিরাজকে সতর্ক করেন।

মিরাজ নিজের অবস্থান পরিষ্কার করে জানান যে, বলের দিকে নজর থাকায় তিনি সামনে স্টার্ককে দেখতে পাননি। তবে স্টার্ক বিষয়টি সহজভাবে নেননি। তিনি মিরাজকে উদ্দেশ্য করে বলেন, এটি আমার ফলো থ্রু এবং তোমারও ফলো থ্রু। উইকেট থেকে সরে যাও। এরপর স্লেজিংয়ের সুরে তিনি আরও যোগ করেন, তুমি এখন আর বাংলাদেশে নেই, তাই না?

এই ঘটনায় মিরাজের পক্ষ নিয়ে কথা বলেছেন চ্যানেল সেভেনের ধারাভাষ্যকার রিকি পন্টিং। পন্টিংয়ের মতে, মিরাজ ইচ্ছাকৃতভাবে পিচের মাঝখান দিয়ে দৌড়াননি। স্টার্ক সামনে চলে আসায় দ্রুতগতির বোলারকে এড়াতেই তিনি ওই পথ বেছে নিয়েছিলেন।

এদিকে মাঠের লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানে এগিয়ে রয়েছে টাইগাররা। ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৫১ রান। মেহেদী হাসান মিরাজ ৩২ রানে এবং হাসান মাহমুদ ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

এনএন/ ১৪ আগস্ট ২০২৬