হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি | চ্যানেল আই অনলাইন

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি | চ্যানেল আই অনলাইন

আট বছর পর বড়পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমায় হামিদা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর তার এই প্রত্যাবর্তন।

মুক্তির আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে হামিদার লুক টেস্টের বিরল ছবি শেয়ার করে চরিত্রটির সঙ্গে তার প্রথম পরিচয়ের মুহূর্তে ফিরে গেছেন অভিনেত্রী।

ছবিতে হামিদার চরিত্রে প্রীতিকে দেখা গেছে ১৯৪৭ সালের দেশভাগের সময়কার আবহের সঙ্গে মানানসই পোশাকে। সিনেমাটিতে তিনি সানি দেওলের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। ভারত ভাগ ও পাঞ্জাব বিভাজনের পটভূমিতে নির্মিত এই সিনেমার গল্পে উঠে এসেছে সেই অস্থির সময়ের মানবিক নানা কাহিনি।

লুক টেস্টের ছবিগুলো শেয়ার করে প্রীতি লিখেছেন, ‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির প্রাক্কালে তিনি ফিরে যেতে চেয়েছিলেন সেই মুহূর্তে, যেখান থেকে হামিদার সঙ্গে তার যাত্রা শুরু। তার মতে, লুক টেস্টের সময়ই তিনি প্রথমবার হামিদাকে অনুভব করেছিলেন।

চরিত্রটি ব্যাখ্যা করতে রুমির একটি বিখ্যাত উদ্ধৃতিও উল্লেখ করেছেন প্রীতি। “চারপাশ অন্ধকার মনে হলে আবার তাকাতে হবে, কারণ হয়তো আলোটি নিজের মধ্যেই রয়েছে।”- এমন উক্তি দিয়ে হামিদা চরিত্রের মানসিক শক্তি ও আশাবাদের কথাই তুলে ধরেছেন অভিনেত্রী।

আট বছর পর প্রীতির প্রত্যাবর্তনকে ঘিরে তার ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ‘বাটওয়ারা ১৯৪৭’-এ তার পাশাপাশি অভিনয় করেছেন সানি দেওল, শাবানা আজমি, করণ দেওল, আলী ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারে, কানিকা কাপুর ও ইশা সান্ধির।

শুক্রবার (১৪ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘বাটওয়ারা ১৯৪৭’ পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী, আর সিনেমাটি প্রযোজনা করেছেন আমির খান।

আমির খান প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে দেশভাগের অস্থির সময়ে লাহোরকে ঘিরে। সিনেমাটি আসগর ওয়াজাহাতের প্রশংসিত নাটক ‘জিস লাহোর নাই দেখ্যা, ও জাম্যা এ নাই’-এর ওপর ভিত্তি করে নির্মিত। বলিউড হাঙ্গামা