ফাঁকা গুলি করে স্বর্ণ-রুপা ও নগদ টাকা ছিনতাই, আহত ৩

ফাঁকা গুলি করে স্বর্ণ-রুপা ও নগদ টাকা ছিনতাই, আহত ৩

সাইফুল ইসলাম : মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ ও রুপা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের রডের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী, তার ছেলে ও এক প্রতিবেশীসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরের সামনে গোপাল পালের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—পূর্ব শানবান্দা গ্রামের প্রিয় নাথ শীলের ছেলে পতিত পবন শীল (৭৩), তার ছেলে প্রবীর কুমার শীল (৩২) এবং একই গ্রামের মৃত বিনোদচন্দ্র পালের ছেলে মনোরঞ্জন পাল (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পতিত পবন শীল ও তার ছেলে প্রবীর কুমার শীল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে অজ্ঞাতনামা ৩-৪ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরে রড দিয়ে তাদের মাথায় আঘাত করে সঙ্গে থাকা স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

লুট হওয়া মালামালের মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ ও নগদ ৮৫ হাজার টাকা রয়েছে বলে জানা গেছে।

এ সময় তাদের চিৎকার শুনে প্রতিবেশী মনোরঞ্জন পাল এগিয়ে এলে ছিনতাইকারীরা তাকেও রড দিয়ে আঘাত করে আহত করে। পরে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে পাঠানো হয়।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ হোসেন জানান, ছিনতাইকারীরা তিন থেকে চারজন ছিল। ঘটনার সময় ওই প্রত্যক্ষদর্শী বাজি ফাটার মতো একটি শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থল থেকে মাটিতে পড়ে থাকা একটি কার্তুজ উদ্ধার করা হয়।

এসআই সাঈদ হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।