হাতকড়া পরা যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পলাতক

হাতকড়া পরা যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পলাতক

সাইফুল ইসলাম : মানিকগঞ্জের হরিরামপুরে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে দায়ের করা অভিযোগের তদন্তে আটক এক যুবক হাতকড়া পরা অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আন্ধারমানিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া যুবকের নাম মাহিম। তিনি আন্ধারমানিক দড়িকান্দি এলাকার আলমাছের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আন্ধারমানিক এলাকায় প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে মাহিমের বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন এসআই মো. ফারুক শেখকে দায়িত্ব দেন। এর ধারাবাহিকতায় শুক্রবার রাত ৯টার দিকে এসআই মো. ফারুক শেখের নেতৃত্বে কনস্টেবল মো. নজরুল ইসলাম ও কনস্টেবল শফিকুল ইসলাম আন্ধারমানিক এলাকায় অভিযান চালান। এ সময় মাহিমকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পরে মাহিমের হাতে হাতকড়া পরিয়ে তাকে থানায় নেওয়ার জন্য পুলিশ সদস্যরা রওনা হন। পথে আন্ধারমানিক বাজার এলাকায় পৌঁছালে মাহিম পুলিশ বহনকারী গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান। তখনও তার হাতে হাতকড়া ছিল।

স্থানীয় আব্দুর রহিম জানান, মাহিম নামের এক যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়ার জন্য আন্ধারমানিক বাজারে পৌছালে হাতকড়া পরিহিত অবস্থায় সে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে।

ঘটনার পর পলাতক মাহিমকে গ্রেপ্তারে হরিরামপুর থানা পুলিশের একাধিক দল বিভিন্ন সম্ভাব্য স্থানে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে হরিরামপুর থানার এসআই মো. ফারুক শেখ বলেন, মাহিমকে আটক করতে গেলে সে পালিয়ে যায়। তখন তার হাতে হাতকড়া ছিলনা। পরে তাকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেনের মুঠোফোনে একাদিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।