শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন দুই ছাত্রদল নেতা

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন দুই ছাত্রদল নেতা

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির দুই সদস্য এহতেশামুল হক ও ফয়েজ হাওলাদারকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

‎শনিবার (১৫ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎ ‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ‎ ‎জানা গেছে, এহতেশামুল হক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

অপরদিকে ফয়েজ হাওলাদার সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী। তিনি জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। ‎ ‎ছাত্রদলের প্রকাশিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে অব্যাহতির কারণ হিসেবে কেবল ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ’-এর কথা উল্লেখ করা হয়েছে।

তবে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর জানান, ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বাবর বলেন, গতকাল ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ওরা ফেসবুকে পোস্ট করেছে। ছাত্রদলের সাংগঠনিক ও আদর্শিক অবস্থান থেকে আমরা এটিকে আদর্শিক বিরোধিতা হিসেবে বিবেচনা করি। এই কারণেই তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।