বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস) বাংলাদেশকে ব্যবহার করে সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে উদ্বেগ প্রকাশের বিষয়টি ‘এখনো পড়েননি’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অনুমাননির্ভর কোনো প্রতিবেদনের ওপর সরকার নির্ভর করতে পারে না।

সোমবার (১৭ আগস্ট) জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে বাংলাদেশকে ব্যবহার করে একিউআইএসের সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার চেষ্টার কথা বলা হয়েছে, এ বিষয়ে সরকার কীভাবে দেখছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি, সেটা (জাতিসংঘের প্রতিবেদন) পড়িনি। ওখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে। আমি না দেখে বলতে পারব না।’

সরকার প্রতিবেদনটি আমলে নিচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি।’

সালাউদ্দিন আহমদ বলেন, পত্রিকায় প্রকাশিত তথ্য থেকে তিনি যতটুকু শুনেছেন, সেখানে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হয়েছে। তার ভাষায়, ‘অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।’

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্য কোনো দপ্তরে দেখা যেতে পারে বলে যে গুঞ্জন রয়েছে, সে বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমিও গুঞ্জন শুনছি।’

এর আগে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে বিভিন্ন খাতে সরকারের অর্জন তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি দাবি করেন, সরকারের গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, জনপ্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি।