ফিফার কঠোর শাস্তি: ১৫ ম্যাচ নিষিদ্ধ আল আমিন, ২ ম্যাচ মিরাজুল – DesheBideshe

ফিফার কঠোর শাস্তি: ১৫ ম্যাচ নিষিদ্ধ আল আমিন, ২ ম্যাচ মিরাজুল – DesheBideshe


ঢাকা, ১৯ আগস্ট – মালদ্বীপের বিপক্ষে ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাংলাদেশের দুই ফরোয়ার্ড আল আমিন ও মিরাজুল ইসলামকে বড় ধরনের শাস্তি দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। আল আমিনকে ১৫ ম্যাচ এবং মিরাজুল ইসলামকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

গত ৭ জুন ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা জাতীয় দলের প্রতিযোগিতামূলক ম্যাচের পাশাপাশি আন্তর্জাতিক টায়ার-১ প্রীতি ম্যাচেও কার্যকর হবে।

জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় আল আমিনের বিরুদ্ধে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে তাকে দুইবার ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে ফিফার ডিসিপ্লিনারি কমিটি তার আচরণকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে ১৫ ম্যাচের দীর্ঘ নিষেধাজ্ঞা প্রদান করে।

একই ম্যাচে শাস্তির মুখে পড়েছেন ফরোয়ার্ড মিরাজুল ইসলামও। বেঞ্চে বসে ম্যাচ কর্মকর্তাদের অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে তাকে লাল কার্ড দেখানো হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি শেষ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের উপক্রম হওয়ায় একপর্যায়ে ম্যাচ রেফারিকে নিরাপত্তাকর্মীদের পাহারায় মাঠ ছাড়তে হয়।

এর আগে ফিফা মিরাজুল ইসলাম ও বাংলাদেশ দলের ম্যানেজার শাহীন হাসানকে জরিমানাও করেছিল। আল আমিনের এই ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা বাংলাদেশের ফুটবলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও এটি কার্যকর হওয়ায় তার জাতীয় দলে ফেরার পথ কঠিন হয়ে পড়ল।

অন্যদিকে মিরাজুলের নিষেধাজ্ঞা তুলনামূলকভাবে কম হলেও গুরুত্বপূর্ণ আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে তার অনুপস্থিতি দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এনএন/ ১৯ আগস্ট ২০২৬