রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর ঘিরে তুর্কি সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা – DesheBideshe

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর ঘিরে তুর্কি সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা – DesheBideshe


ব্রাসিলিয়া, ১৯ আগস্ট – ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও তুরস্কের বেশ কিছু সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তবে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হলেও কার্লোস নিজে বা তার কোনো প্রতিনিধির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

তুর্কি সংবাদমাধ্যম হাবেরলার ও গোল ডটকমের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎকালে শাহাদাহ পাঠ করেন ৫৩ বছর বয়সী এই সাবেক তারকা। তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলিসাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

সাও পাওলোভিত্তিক প্রতিষ্ঠান ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথের প্রতিনিধি শেখ জিহাদ হামাদার বরাত দিয়ে ওই পোস্টে জানানো হয়, কার্লোসের সাথে তার দীর্ঘদিনের যোগাযোগ ছিল এবং সাম্প্রতিক সাক্ষাতে কার্লোস ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা পোষণ করেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মরোক্কান বংশোদ্ভূত স্প্যানিশ নারী ও ফুটবল এজেন্ট সোহাইলা এল তাহিরির সাথে কার্লোসের বিয়ের খবর প্রকাশ্যে আসে। পরবর্তীতে ২৫ জুলাই একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানা যায়।

ক্যারিয়ারের শেষ দিকে রবার্তো কার্লোস তুরস্কের ক্লাব ফেনেরবাচেতে খেলেছেন এবং সেই সুবাদে দেশটিতে তাকে নিয়ে এই গুঞ্জনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে তুর্কি সংসদ সদস্য ও স্থানীয় গণমাধ্যমের দাবির বিষয়ে এখন পর্যন্ত রবার্তো কার্লোস কোনো মন্তব্য করেননি।

এস এম/ ১৯ আগস্ট ২০২৬