বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমার নাম ‘মনস্টার’! এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
নির্মাতা ভামশি পেইডিপল্লি ও প্রযোজক দিল রাজুর সঙ্গে সালমানের প্রথম এই সিনেমাটি নির্মাণের শুরুতে ‘SVC63’ নামে পরিচিত ছিল।
‘ফিল্মফেয়ার’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির শুটিং চলাকালে সালমান নিজের অ্যাকশন দৃশ্যের বড় একটি অংশ নিজেই করছেন। কারণ তার বডি ডাবল হিসেবে কাজ করা এক ব্যক্তি হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর সালমান নিজেই আরও বেশি স্টান্ট করার দায়িত্ব নিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রযোজনার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সালমান বর্তমানে সিনেমাটির কাজে পুরোপুরি যুক্ত। শুটিংয়ের গতি কোনোভাবেই থেমে যাক, তা তিনি চান না।
‘মনস্টার’ সালমান খানের ক্যারিয়ারে বেশ কয়েকটি দিক থেকে বিশেষ। ভামশি পেইডিপল্লির সঙ্গে এটাই তার প্রথম কাজ। পাশাপাশি প্রযোজক দিল রাজুর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও প্রথমবারের মতো যুক্ত হয়েছেন তিনি। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে জুটি বাঁধছেন সালমান।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন সাগরিকা ঘাটগে ও মুজাম্মিল ইব্রাহিমসহ বেশ কয়েকজন অভিনেতা।
অ্যাকশননির্ভর সিনেমাটি বড় পরিসরে নির্মাণের প্রস্তুতিও নিচ্ছেন নির্মাতারা। এর আগে ‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদনে জানানো হয়েছিল, সিনেমাটির অ্যাকশন দৃশ্য নির্মাণে কোরিয়ান একটি অ্যাকশন টিমকে যুক্ত করা হয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন সি ইয়ং ওহ, যিনি ‘মিস্টার ওহ’ নামেও পরিচিত।
‘ধুরন্ধর’, ‘কিল’ ও ‘ওয়ার’-এর মতো সিনেমায় কাজ করা এই অ্যাকশন বিশেষজ্ঞ সালমান ও ভামশি পেইডিপল্লির সঙ্গে মিলে সিনেমাটির জন্য নতুন ধরনের অ্যাকশন অভিজ্ঞতা তৈরিতে কাজ করছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সালমান ও ভামশির এই সিনেমা নিয়ে এরই মধ্যে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। শুটিং সেটেই সম্প্রতি ভামশির জন্মদিন উদ্যাপন করেন সালমান। সেই আয়োজনের কিছু মুহূর্তও প্রকাশ্যে এসেছে।
তবে ‘মনস্টার’ নামটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সিনেমাটির গল্প, মুক্তির তারিখ এবং নামের আনুষ্ঠানিক ঘোষণা কবে আসবে, সেটিই এখন দেখার বিষয়। বলিউড হাঙ্গামা



