গ্যাস-সংকটের মধ্যে সুখবর, আবার চালু এক্সিলারেটের টার্মিনাল | চ্যানেল আই অনলাইন

গ্যাস-সংকটের মধ্যে সুখবর, আবার চালু এক্সিলারেটের টার্মিনাল | চ্যানেল আই অনলাইন

কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনাল তিন দিন বন্ধ থাকার পর আবার গ্যাস সরবরাহ শুরু করেছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) এক কর্মকর্তা জানান, বর্তমানে টার্মিনালটি থেকে ঘণ্টায় প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। দুই টার্মিনাল মিলিয়ে এলএনজিভিত্তিক গ্যাস সরবরাহ বেড়ে প্রায় ৬৮৬ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, একটি এলএনজি কার্গো রোববার টার্মিনালে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ের এক দিন আগেই শনিবার পৌঁছেছে। এর পরই টার্মিনালটি জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করে।

তিনি জানান, শনিবার দুপুর ২টার দিকে এলএনজিভিত্তিক গ্যাস সরবরাহ ছিল প্রায় ৫৮০ মিলিয়ন ঘনফুট। নতুন কার্গো পৌঁছানোর পর তা বেড়ে প্রায় ৬৮৬ মিলিয়ন ঘনফুট হয়েছে। এর মধ্যে সামিট প্রায় ৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে।

সব মিলিয়ে দেশে গ্যাস সরবরাহ বেড়ে প্রায় ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট হয়েছে। গ্যাস সরবরাহ নির্ভরযোগ্য রাখতে আরও এলএনজি কার্গো আনার চেষ্টা চলছে বলে জানান পেট্রোবাংলার চেয়ারম্যান।

পেট্রোবাংলা সূত্র জানায়, গত ২১ জুলাই অগ্নিকাণ্ডের পর এক্সিলারেটের এলএনজি টার্মিনালটি বন্ধ হয়ে যায়। পরে সরবরাহ শুরু করলেও এলএনজি কার্গোর মজুত শেষ হয়ে যাওয়ায় ১৯ আগস্ট থেকে আবার কার্যক্রম বন্ধ হয়ে যায়।