দেশের প্রখ্যাত সংগীতশিল্পী আবিদা সুলতানার জন্মদিন আজ রোববার (২৩ আগস্ট)। জন্মদিনকে সামনে রেখে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে তার কণ্ঠে নতুন একটি রোমান্টিক গান।
‘কেন আকাশে এত নীল, রঙে রঙে ঝিলিমিল’ শিরোনামের গানটির কথা লিখেছেন সাংবাদিক, লেখক ও গবেষক জাহিদ রহমান। সুর করেছেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সুরকার ফয়সাল আহমেদ।
আবিদা সুলতানা জানান, জন্মদিনের আগেই গানটি প্রকাশ করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটির কথা ও সুর তার ভালো লেগেছে বলেও জানান তিনি। প্রকাশের পর গানটি শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে।
শিল্পীর ভাষায়, মিষ্টি কথার বিন্যাসে লেখা গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে তার বিশ্বাস।
গানটির সুরকার ফয়সাল আহমেদ জানান, প্রখ্যাত সংগীতশিল্পী আবিদা সুলতানার জন্য এবারই প্রথম কোনো গানে সুর করেছেন তিনি। তার মতে, গানটি আবিদা সুলতানার কণ্ঠে নতুন এক সৌন্দর্য তৈরি করেছে।
ফয়সাল আহমেদ বলেন, আবিদা সুলতানার মতো জনপ্রিয় শিল্পীদের আবেদন এখনো শেষ হয়ে যায়নি। সময়ের পরিবর্তনের সঙ্গে তাদের কণ্ঠের মাধুর্য ও নান্দনিকতা অটুট রয়েছে। আধুনিক সময়েও তাঁরা নিজেদের স্বাতন্ত্র্য ধরে রেখেছেন।


