ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরির ঘটনায় যা জানা গেল | চ্যানেল আই অনলাইন

জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) শহরের পশ্চিম আলীপুরে অবস্থিত অভিনেতার ‘কামরাঙ্গা’ নামের বাসভবনে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে অভিনেতা ফজলুর রহমান বাবু এ ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ফজলুর রহমান বাবু বলেন, পরিবারসহ ঢাকায় থাকি। মাসে এক-দুই বার গ্রামের বাড়িতে বেড়াতে আসি। গত ১৫ দিন আগেও এসেছিলাম। দুই দিন থেকে পুনরায় ঢাকায় চলে যাই। গতকাল সোমবার রাতে বাড়িতে এসে লাইট জ্বালাতে গিয়ে দেখি জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখি এসির তারও নেই। এছাড়া বাইরে থাকা বেশ কিছু মালামালও কে নিয়ে গেছে।

তিনি জানান, শুধু তার বাড়িরই নয় অন্যদের বাড়িতেও একই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান গণমাধ্যমকে বলেন, অভিনেতা ফজলুর রহমান বাবুর বাসভবনে বিদ্যুতের তার চুরির ঘটনায় তিনি নিজে থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। চুরির ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।