২০ রাউন্ড গুলি ছুড়ে গায়ক হত্যা! | চ্যানেল আই অনলাইন

ভারতের হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উত্তর প্রদেশের শ্যামলিতে একটি জিমের বাইরে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৫ বছর বয়সী এই গায়কের।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিম থেকে বের হয়ে নিজের গাড়ির কাছে যাওয়ার সময় অঙ্কিতকে লক্ষ্য করে গুলি চালায় চার হামলাকারী। প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়া হয় তার দিকে। শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি মাথায়ও গুলি লাগে তার।

পুলিশ জানিয়েছে, জিম থেকে প্রায় ২০ থেকে ২৫ মিটার দূরে গাড়ির কাছে ছিলেন অঙ্কিত। সেখানেই তিন থেকে চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

অঙ্কিত বালিয়ানের হত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ‘গোগি গ্যাং’ হত্যার দায় স্বীকার করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। গ্যাংটির অভিযোগ, অঙ্কিত তাদের শত্রুদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং গ্যাং-সংশ্লিষ্ট একটি ঘটনা নিয়ে গানও তৈরি করেছিলেন।

গোগি গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত ভোলু শাহপুরিয়া নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও হত্যার দায় স্বীকার করে পোস্ট দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওই পোস্টে আরও হামলার হুমকি দেওয়ার পাশাপাশি উত্তর প্রদেশ পুলিশকেও সতর্ক করা হয়েছে।

অঙ্কিত ‘ভারি কোর্ট মে গুলি মারেঙ্গে মেরি জান’ গানটির জন্য ব্যাপক পরিচিতি পান। প্রায় এক বছর আগে প্রকাশিত গানটি শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়। ইউটিউবে গানটির ভিউ ৫ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে।

শ্যামলির বান্টিখেরা গ্রামের বাসিন্দা ছিলেন অঙ্কিত। গান ও অভিনয়ে ক্যারিয়ার গড়তে গত কয়েক বছর ধরে হরিয়ানার রোতক ও সোনিপতে বসবাস করছিলেন তিনি। শ্যামলির ওই জিমে নিয়মিত শরীরচর্চা করতেন এবং প্রায় এক বছর ধরে সেখানে যাতায়াত করছিলেন।

হত্যাকাণ্ডের পর অঙ্কিতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেন। মরদেহ রাস্তায় রেখে দিল্লি-মুজাফফরনগর সড়ক অবরোধ করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

অঙ্কিতের ডিজিটাল কনটেন্টের বড় অংশজুড়ে ছিল হরিয়ানভি পপ মিউজিক, অভিনয় ও পডকাস্ট। তার গানে আঞ্চলিক গর্ব, গ্রামীণ জীবন, স্থানীয় রাজনীতি ও আইনশৃঙ্খলার পাশাপাশি বন্দুকের সংস্কৃতি ও তরুণদের দাপটের মতো বিষয় উঠে এসেছে।

তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘১১২ এনই’, ‘গুলি কে বারুদ’, ‘জাত জাতনি’, ‘আগলা জনম জাত’, ‘সবিদান’, ‘মোদি বার্গা রুতবা’, ‘জাত ধর্মেন্দর কি তারিয়া’, ‘এক খটোলা জেল কে ভিতর’, ‘ওয়েট’, ‘সিস্টেম’ ও ‘রিফ্লেইন’।