গোপালগঞ্জের জালালাবাদ ইউনিয়নের চরবড়ফা গ্রামে কৃষিজমিতে পানি দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৫টার দিকে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনস্পেক্টর ইনচার্জ (আইসি) মো. ইকরাম হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ছেলে মেহেদী হাসান খাঁ (১২)-কে সাথে নিয়ে কৃষিজমিতে পানি দিতে যান বাবা এনায়েত খাঁ। মোটর দিয়ে পানি দেওয়ার সময় বাবা এনায়েত খাঁ বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে মেহেদী হাসান খাঁ বিদ্যুতায়িত হয়ে পড়েন। বেলা সাড়ে ১১টার দিকে পিতা পুত্রকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মর্মান্তিক এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

