মেহেরপুরে নকলের দায়ে ৪ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি – DesheBideshe

মেহেরপুরে নকলের দায়ে ৪ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি – DesheBideshe


মেহেরপুর, ২৯ আগস্ট – মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় পরীক্ষা সংশ্লিষ্ট কার্যক্রম থেকে দুই শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। সম্প্রতি ওই কেন্দ্রে সরাসরি বই দেখে পরীক্ষা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ধারণ করতে গিয়ে বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাব্বি আহমেদসহ দুই সাংবাদিক হামলার শিকার হন।

অভিযোগ রয়েছে যে, হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে তাদের ব্যক্তিগত মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এই ঘটনায় সাংবাদিক রাব্বি আহমেদ বাদী হয়ে রফিকুজ্জামান ও মনিরুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে গাংনী থানায় মামলা করেছেন।

ঘটনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, পরীক্ষায় দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটিও গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ।

এস এম/ ২৯ আগস্ট ২০২৬