স্থায়ী চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী – DesheBideshe

স্থায়ী চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী – DesheBideshe


ঢাকা, ৩০ আগস্ট – বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর লক্ষে বড় অগ্রগতি অর্জন করেছে শেফিল্ড ইউনাইটেড। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন অনুযায়ী, লেস্টার সিটি থেকে তাকে দলে নিতে কার্যত কোনো ট্রান্সফার ফি ছাড়াই সমঝোতা হয়েছে।

আজ রবিবার তার শারীরিক পরীক্ষা বা মেডিকেল সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার রাতে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে।

মূলত রক্ষণভাগের খেলোয়াড় ফেমি সেরিকির ইনজুরির কারণে বিকল্প হিসেবে হামজার কথা গুরুত্বের সাথে বিবেচনা করে শেফিল্ড। এর আগে ২০২৪-২৫ মৌসুমে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেছিলেন এই ফুটবলার। তার অনবদ্য পারফরম্যান্সে ভর করে সেবার দলটি প্লে অফ ফাইনাল পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছিল।

বর্তমানে লেস্টার সিটি টানা অবনমনের শিকার হয়ে লিগ ওয়ানে অবস্থান করছে। ক্লাবের খরচ কমাতে এবং খেলোয়াড়দের বেতন হ্রাসের লক্ষে হামজাকে ছেড়ে দিতে আগ্রহী ছিল লেস্টার কর্তৃপক্ষ। এই সুযোগটিই কাজে লাগিয়ে তাকে স্থায়ীভাবে দলে ফেরানোর উদ্যোগ নেয় শেফিল্ড।

শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডারের অধীনে এর আগে ওয়াটফোর্ড ও শেফিল্ড উভয় দলেই খেলার অভিজ্ঞতা রয়েছে হামজার। কোচের সঙ্গে তার সম্পর্ক বেশ পুরনো এবং চমৎকার। ওয়াইল্ডার হামজার প্রশংসা করে বলেন যে তিনি সবসময়ই তাকে অনুসরণ করেছেন এবং তার ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয়।

প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলার জানেন কীভাবে এই বিভাগ থেকে শীর্ষ স্তরে উঠতে হয়।

হামজার পাশাপাশি দল বদলের শেষ সময়ে আরও একজন সেন্টার ব্যাক খুঁজছে শেফিল্ড। বর্তমানে তাদের রক্ষণভাগে জ্যাফেট টাঙ্গাঙ্গা, মার্ক ম্যাকগিনেস এবং জামাল ব্যাপটিস্টের মতো খেলোয়াড়রা রয়েছেন। প্রয়োজনে রিস নরিংটন-ডেভিসকেও সেন্টার ব্যাক হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে দলটির।

এনএন/ ৩০ আগস্ট ২০২৬