ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও মনোয়ার হোসেন ডিপজলকে দীর্ঘ ১২ বছর পর আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে, এমন খবর ছড়িয়ে পড়েছে। পরিচালক হিমেল আশরাফের নতুন সিনেমায় তাদের একসঙ্গে অভিনয়ের খবর ঘিরে তৈরি হয়েছে আলোচনা। তবে পরিচালক নিজেই জানিয়েছেন, খবরটি ভিত্তিহীন।
চ্যানেল আই অনলাইনকে হিমেল আশরাফ বলেন, ছয় মাস আগে ডিপজল ভাইয়ের সঙ্গে একটি সিনেমা নিয়ে প্রাথমিক আলাপ হয়েছিল। পরে সেই প্রকল্প আর এগোয়নি। দুদিন আগে দেখলাম ডিপজল ভাইয়ের ভেরিফায়েড আইডিতে আমাকে ট্যাগ করে পোস্ট। এর বেশি কিছু জানি না।
শাকিব খান ও ডিপজলকে নিয়ে নতুন সিনেমার খবর ছড়িয়ে পড়ার বিষয়ে হিমেল বলেন, ‘দেখলাম কিছু জায়গায় লেখালিখি হচ্ছে শাকিব-ডিপজল একসঙ্গে সিনেমা করছেন! আপাতত আমার কোনো প্রজেক্টে একসঙ্গে তারা নেই। ভবিষ্যতে যদি এমন কিছু হয় তাহলে সবাই জানতে পারবে।’
হিমেল আশরাফের সঙ্গে আগামী বছর শাকিব খানের নতুন সিনেমা করার আলোচনা রয়েছে বলেও শোনা যাচ্ছে। এ বিষয়ে পরিচালক বলেন, ডিপজলের সঙ্গে এ নিয়ে কোনো আলাপ হয়নি।
হিমেল আশরাফের বক্তব্যে শাকিব-ডিপজল একসঙ্গে সিনেমায় ফেরার খবর আপাতত অনিশ্চিত হলেও বিষয়টি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। কারণ একসময় একই সিনেমায় শাকিব ও ডিপজলের উপস্থিতি ছিল ঢাকাই সিনেমার অন্যতম বড় আকর্ষণ।
দুই দশক আগে ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘পিতার আসন’ ও ‘বাধা’সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এসব সিনেমার সাফল্যের কারণে দর্শকদের কাছে শাকিব-ডিপজল জুটি এখনও আলাদা আবেদন তৈরি করে।
ফলে ভবিষ্যতে শক্তিশালী গল্প ও চরিত্র নিয়ে এই দুই তারকা আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরলে তা ঢাকাই সিনেমায় নতুন করে আলোচনা তৈরি করতে পারে। আপাতত অবশ্য সেই অপেক্ষাই করতে হচ্ছে দর্শকদের।

