মাঝ আকাশে বিমানে বোমাতঙ্ক: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের জরুরি অবতরণ – DesheBideshe

মাঝ আকাশে বিমানে বোমাতঙ্ক: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের জরুরি অবতরণ – DesheBideshe


এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস

নয়াদিল্লি, ৩১ আগস্ট – সৌদি আরবের দাম্মাম থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি উড়োজাহাজে বোমাতঙ্ক দেখা দেওয়ায় আহমেদাবাদে জরুরি অবতরণ করা হয়েছে। মাঝ আকাশে বিমানের শৌচাগারে একটি চিরকুট পাওয়ার পর সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় যে ফ্লাইটের একজন কেবিন ক্রু শৌচাগারে রাখা একটি টিস্যু পেপারে বোম লেখা দেখতে পান। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তিনি বিমানের পাইলটকে অবহিত করেন। পাইলট তাৎক্ষণিকভাবে আহমেদাবাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান।

আহমেদাবাদে অবতরণের পর বিমানটিকে মূল টার্মিনাল থেকে দূরে একটি বিশেষ স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা কর্মী ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা অবস্থান করছিলেন। উড়োজাহাজে থাকা ৩২ জন যাত্রীকে দ্রুত ও নিরাপদে সরিয়ে টার্মিনাল দুইয়ে নিয়ে যাওয়া হয়।

নিরাপত্তা বাহিনী পুরো বিমানটিতে নিবিড় তল্লাশি চালায়। কেবিন, আসন এবং কার্গো হোল্ডসহ প্রতিটি অংশ পরীক্ষার পর কোনো বিস্ফোরক দ্রব্য বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তল্লাশি শেষ হওয়ার পর উড়োজাহাজটিকে পুনরায় যাত্রা করার অনুমতি দেওয়া হয়।

কে বা কারা এই চিরকুট লিখেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে তা জানতে বর্তমানে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক বিবৃতিতে বলা হয়েছে যে ঘটনাটি সরকারি সংস্থাগুলোকে জানানো হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সব ধরনের প্রোটোকল অনুসরণ করা হয়েছে। দুর্ঘটনায় কোনো যাত্রী বা ক্রু সদস্যের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এনএন/ ৩১ আগস্ট ২০২৬