তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe


প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ঢাকা, ১ সেপ্টেম্বর – বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খুব শীঘ্রই সাক্ষাতের বিষয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ৩১ আগস্ট হোয়াইট হাউজ থেকে পাঠানো এক বিশেষ চিঠিতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রেরিত ওই চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন যে, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অতিবাহিত হলেও তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের এক অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

চিঠিতে বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপনের পাশাপাশি বোয়িং উড়োজাহাজ ক্রয়ের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, বোয়িং এয়ারক্রাফট ক্রয় সংক্রান্ত চিঠিটি তিনি হাতে পেয়েছেন এবং এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন। বোয়িং কোনোভাবেই বাংলাদেশকে নিরাশ করবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

ডোনাল্ড ট্রাম্প পুনরায় জোর দিয়ে বলেন যে, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এক সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারেও তিনি চিঠিতে বিশেষ গুরুত্বারোপ করেছেন।

এনএন/ ১ সেপ্টেম্বর ২০২৬