
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। একই সঙ্গে হকারদের জন্য অফিস সময়ের পর মতিঝিলে নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডিএসসিসি প্রশাসক।
তিনি হকারদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান। আব্দুস সালাম বলেন, মতিঝিলে অফিস সময়ের পর বিকেল ৪টা থেকে নাইট মার্কেট চালু করা হবে। সেখানে হকাররা বসবেন।
তিনি বলেন, ‘সপ্তাহে সাতদিন তাদেরকে সব জায়গায় বসতে দিতে পারবো না। এটা তাদেরকেও মানতে হবে। নিয়ম অনুযায়ী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অনুযায়ী তাদের বসতে হবে।’
প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, পর্যায়ক্রমে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে।
পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিষয়ে ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
