নেপালের বন্যার্তদের সহায়তায় ১০ লাখ ডলার দিল বাংলাদেশ – DesheBideshe

নেপালের বন্যার্তদের সহায়তায় ১০ লাখ ডলার দিল বাংলাদেশ – DesheBideshe


বন্যার্তদের সহায়তা

ঢাকা, ৪ সেপ্টেম্বর – নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার বা প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই সহায়তার বার্তা পৌঁছে দেন। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো একটি বিশেষ শোকবার্তা রাষ্ট্রদূতের হাতে তুলে দেন।

পত্রে নেপালের প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর সমবেদনা প্রকাশ করে নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে এই অর্থ নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে জমা হবে যা বর্তমানে চলমান ত্রাণ ও অবকাঠামো নির্মাণ কাজে ব্যয় করা হবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করার মাধ্যমে প্রতিমন্ত্রী নেপালের প্রতি সমবেদনা জানিয়েছিলেন। এছাড়া গত ২৭ আগস্ট নেপালের প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় বাংলাদেশ জাতীয় সংসদেও একটি শোক প্রস্তাব গৃহীত হয়।

এস এম/ ৪ সেপ্টেম্বর ২০২৬