ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের আট কলেজশিক্ষককে মুঠোফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দিলে শিক্ষক ও তাঁদের স্বজনদের হত্যাসহ নির্মম পরিণতির হুমকি দেওয়া হয়।
এ তথ্য জানিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে বোয়ালমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিটি করেছেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহযোগী অধ্যাপক পরেশ কুমার পাল।
জিডিতে হুমকি পাওয়া আরও চার শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন দেবাশীষ রায়, নিলয় কুমার সাহা, সজল কান্তি বিশ্বাস ও প্রদীপ কুমার সাহা। সবাই প্রতিষ্ঠানটির সহযোগী অধ্যাপক। কলেজটিতে বর্তমান শিক্ষকের সংখ্যা ৫৮।


