
ছবি: সংগৃহীত
দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের আস্থা ধরে রাখা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাহফুজ আলম।
পোস্টে তিনি বলেন, রাষ্ট্র পুনর্গঠনের জন্য একই সঙ্গে দুটি বিষয়ে লড়াই চালিয়ে যেতে হবে। একদিকে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে, অন্যদিকে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করতে হবে।
মাহফুজ আলমের মতে, রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন পরস্পরবিরোধী নয়। এ জন্য জুলাইয়ের ছাত্র-জনতার ‘আপওয়ার্ড সোশিও-পলিটিকাল মবিলিটি’ প্রয়োজন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের ‘সন্ত্রাসের ক্ষত’ কাটিয়ে সৃজনশীল সামাজিক ও রাজনৈতিক উলম্ফন প্রয়োজন। এ ক্ষেত্রে আস্থা ও স্থিতিশীলতার পথে তৈরি হওয়া অনাহূত সংকটগুলো সবাইকে ঐক্যবদ্ধভাবে দূর করতে হবে।
রাষ্ট্র ও অর্থনীতিতে ব্যাপক সংস্কার কার্যকর করতে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবাইকে সংগঠিত হতে হবে। শুধু লড়াই নয়, একই সঙ্গে দেশ ও রাষ্ট্রকে গড়ার কাজও করতে হবে।
পোস্টের শেষ দিকে তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্র ভঙ্গুর বা ব্যর্থ হয়ে পড়লে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে। আবার রাষ্ট্র ফ্যাসিবাদী হয়ে উঠলেও জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে। তাই এই দুই পরিস্থিতির কোনোটিই যাতে তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

