বাস উল্টে সড়কে ঝরল কাস্টমস কর্মকর্তার প্রাণ

বাস উল্টে সড়কে ঝরল কাস্টমস কর্মকর্তার প্রাণ

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে মো. আবদুল আলিম (৩৬) নামে এক কাস্টমস কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল স্টারলাইন ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল আলিম চট্টগ্রামের বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের একমাত্র ছেলে। তিনি সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় আহতরা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি অজ্ঞাত ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারায়। তখন বাসটি ডান পাশের সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবদুল আলিমকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই আরিফ বলেন, আবদুল আলিম ছুটিতে সিলেট থেকে ট্রেনে করে ফেনী এসেছিলেন। পরে ফেনীর মহিপাল থেকে সিডিএম পরিবহনের বাসে করে বারইয়ারহাটের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক কবির হোসেন বলেন, প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। নিহতের স্বজনরা হাসপাতালে এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।