২৪ ঘণ্টায় আরও ৬ প্রাণহানি, ভর্তি প্রায় দেড় হাজার! ডেঙ্গু পরিস্থতির আশঙ্কাজনক অবনতি – DesheBideshe

২৪ ঘণ্টায় আরও ৬ প্রাণহানি, ভর্তি প্রায় দেড় হাজার! ডেঙ্গু পরিস্থতির আশঙ্কাজনক অবনতি – DesheBideshe


ঢাকা, ১০ সেপ্টেম্বর – দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। বেড়েই চলেছে দৈনিক সংক্রমণ ও প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন রোগী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিভাগভিত্তিক নতুন রোগী ও ভর্তি চিত্র স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে খুলনায় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগ: ২৮৪ জন

ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৪১ জন

চট্টগ্রাম বিভাগ: ২০২ জন

বরিশাল বিভাগ: ১৭৮ জন

ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৫১ জন

রাজশাহী বিভাগ: ১২২ জন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৮১ জন

ময়মনসিংহ বিভাগ: ৮০ জন

রংপুর বিভাগ: ৫৪ জন

সিলেট বিভাগ: ১৩ জন

বছরের মোট আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪৩০ জনে। এখন পর্যন্ত এ বছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ১৩৯ জন। তবে স্বস্তির বিষয় হলো, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ৮৫৭ জন।

বর্ষার মৌসুমে এডিস মশার প্রাদুর্ভাব বাড়ায় জমানো পানি পরিষ্কার রাখা, মশারির ব্যবহার নিশ্চিত করা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এনএন/ ১০ সেপ্টেম্বর ২০২৬