লালন কন্যা ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী রবিবার

শহীদ মিনারে ফরিদা পারভীন গান গাচ্ছেন, শ্রদ্ধা ও স্মৃতিচারণা।. Channel i News – চ্যানেল আই নিউজ
লালন কন্যা খ্যাত প্রখ্যাত লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী রবিবার (১৩ সেপ্টেম্বর)। প্রয়াত এই কিংবদন্তি শিল্পীকে স্মরণ করে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই।
মৃত্যুর এক বছর পরও তাঁর কণ্ঠে গাওয়া লালনের গান, সংগীতে তাঁর নিবেদন ও সাধনার স্মৃতি শ্রোতাদের হৃদয়ে অমলিন। সেই স্মৃতিকে ধারণ করেই চ্যানেল আইয়ের পর্দায় থাকছে বিশেষ আয়োজন।
ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিনিয়র সাংবাদিক আবদুর রহমানের পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ সাময়িকী প্রচার হবে চ্যানেল আইয়ে। রবিবার বিকাল ৫টা ১৮ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
এছাড়াও সকাল ৭টার সংবাদের পর ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত বংশীবাদক গাজী আবদুল হাকিম। এই আয়োজনে স্মরণ করা হবে লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনকে।
১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত দিয়ে সংগীতজীবন শুরু করেছিলেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে পরিচিতি লাভের পর সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতে তালিম নেন। এরপর লালনের গানকে নিজের সাধনা ও জীবনদর্শনের অংশ করে ধীরে ধীরে হয়ে ওঠেন লালনসংগীতের অন্যতম প্রধান শিল্পী।
শুধু গান গাওয়াতেই সীমাবদ্ধ থাকেননি ফরিদা পারভীন। নতুন প্রজন্মের কাছে লালনসংগীত পৌঁছে দিতে গড়ে তুলেছিলেন ‘অচিন পাখি স্কুল’। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে তিনি অর্জন করেন একুশে পদক। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
দীর্ঘদিন কিডনি জটিলতায় ভোগার পর ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে মারা যান ফরিদা পারভীন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
