
চ্যানেল আই অনলাইন এর জন্য প্রস্তুত, যেখানে বাংলাদেশ সরকারের নতুন পে-স্কেল প্রস্তাবের ছবি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নবম জাতীয় পে স্কেল ২০২৬ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোচ্ছে সরকার। নতুন বেতন কাঠামো কার্যকরের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বিভিন্ন শ্রেণির জন্য পৃথক সাতটি এসআরও জারি করা হবে। একই সঙ্গে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনলাইনে নতুন বেতন নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রজ্ঞাপনের খসড়া ইতিমধ্যে আইনগত পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং শেষ হলে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রস্তাবিত সাতটি এসআরওর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য বেতন-ভাতা এবং সংশ্লিষ্ট বিধান আলাদাভাবে কার্যকর করা হবে। এর আওতায় থাকবে বেসামরিক প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগ।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘প্রজ্ঞাপন জারির পরই বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর বেতন কাঠামোর প্রয়োগে যেসব কারিগরি ও প্রশাসনিক পার্থক্য রয়েছে, সেগুলো বিবেচনায় নিয়ে পৃথক এসআরও প্রস্তুত করা হচ্ছে।’
তিনি বলেন, ‘সাতটি পৃথক এসআরওর মাধ্যমে বিভিন্ন শ্রেণির চাকরিজীবীদের বেতন কাঠামো প্রয়োগের বিষয়গুলো নির্ধারণ করা হবে। পাশাপাশি আইবাস প্লাস প্লাসে তথ্য হালনাগাদ এবং বেতন নির্ধারণের কারিগরি প্রস্তুতিও নেওয়া হচ্ছে।’
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ করা হবে আইবাস প্লাস প্লাসে। এ জন্য প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে অনলাইনে আইবাস প্লাস প্লাসে প্রবেশ করে চাকরি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এসব তথ্যের ভিত্তিতেই নতুন বেতন নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম পে স্কেলের প্রস্তাব অনুমোদন করা হয়। এতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকার জানিয়েছে, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
নতুন কাঠামো কার্যকরের জন্য সাতটি পৃথক এসআরওর মধ্যে বেসামরিক প্রশাসনের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি, পুলিশ সদস্যদের বেতন-ভাতা ও আর্থিক সুবিধার জন্য একটি এবং বিজিবির কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক বিধান থাকবে। সরকারি ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের জন্যও আলাদা কাঠামো নির্ধারণ করা হবে। বাকি এসআরওগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য প্রযোজ্য হবে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
