
দেশের চলমান সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। একই সঙ্গে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত হচ্ছে কি না, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ কীভাবে মিছিল করার সুযোগ পেল, সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার গাফিলতি কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো কী করছে এমন প্রশ্নও তোলেন তিনি।
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে রিজভী বলেন, বিরোধী দল সংসদে কথা বলবে, সংসদের বাইরেও কথা বলবে। তবে বাস্তবতার সঙ্গে যার কোনো মিল নেই, এমন অহেতুক বিষয় মানুষ ভালোভাবে নেয় না।
দেশের বর্তমান সংকটের জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, যুদ্ধের কারণে জাহাজ আসতে পারছে না এবং গ্যাস আমদানিও বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতির জন্য তারেক রহমান দায়ী নন বলেও মন্তব্য করেন তিনি।
সরকার কিস্তি অনুযায়ী অর্থ পরিশোধ করছে এমন দাবি করে রিজভী প্রশ্ন করেন, তাহলে দেশের বর্তমান সংকট কেন হচ্ছে? তিনি বলেন, বিএনপি সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে।
দেশে যেন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
