সিডনিতে কনসার্টে একসঙ্গে জেমস ও রূপম, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে দর্শকের ইতিবাচক মন্তব্য

নগরবাউল জেমসকে পছন্দ করেন না এমন শ্রোতা কিংবা সংগীতপ্রেমী খুঁজে পাওয়া কঠিন। শুধু শ্রোতাই নন, দেশের গণ্ডি পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের শিল্পীদের কাছেও জেমসের জনপ্রিয়তা ও প্রভাব বরাবরই আলাদা।
ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড ফসিলসের রূপম ইসলাম তো বিভিন্ন সময়ই জেমসের প্রতি নিজের মুগ্ধতা ও শ্রদ্ধার কথা প্রকাশ করেন। এবার অস্ট্রেলিয়ার সিডনিতে বহু বছর পর প্রিয় শিল্পীর দেখা পেয়ে সেই উচ্ছ্বাস যেন আর ধরে রাখতে পারলেন না তিনি।
সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে শনিবার (১২ সেপ্টেম্বর) একই মঞ্চে গান গাইবেন বাংলাদেশের নগরবাউল ও পশ্চিমবঙ্গের ফসিলস। সেই কনসার্টকে ঘিরেই দেখা হলো জেমস ও রূপম ইসলামের।
বহু বছর পর কাছাকাছি পেয়ে দুই শিল্পীর জমে ওঠে আড্ডা। সেই মুহূর্তের একটি ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, জেমসকে সামনে পেয়েই উচ্ছ্বসিত রূপম। প্রিয় শিল্পীকে ‘মহাগুরু’ সম্বোধন করে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। রূপম বলেন, জেমসের পাশে দাঁড়ানো থেকে শুরু করে একই মঞ্চে কনসার্ট করা- পুরো বিষয়টিই তাঁর জন্য অন্যরকম এক অনুভূতি। প্রজন্মের পর প্রজন্ম জেমস তাঁর সুর ও গানের মাধ্যমে বাংলা ভাষাভাষী শ্রোতাদের বেঁধে রেখেছেন- এ কথাও স্মরণ করেন ফসিলসের এই গায়ক।
জেমসের সঙ্গে রূপমের প্রথম দেখা ২০০৭ সালের ‘ঢাকা রক ফেস্ট’-এ। এরপর কেটে গেছে প্রায় দুই দশক। এত বছর পর আবার কাছ থেকে জেমসকে পেয়ে রূপমের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
আড্ডার একপর্যায়ে পুরোনো একটি প্রতিশ্রুতির কথাও মনে করিয়ে দেন রূপম। জানান, একসময় জেমস তাকে বলেছিলেন, ঢাকায় গেলে নিজের গাড়িতে করে শহর ঘুরিয়ে দেখাবেন। সেই সুযোগ অবশ্য এখনো হয়ে ওঠেনি। তবে জেমসও যেন পুরোনো সেই কথা ভুলে যাননি।
রূপমকে আশ্বস্ত করে বলেন, ঢাকার জন্য আর অপেক্ষা করতে হবে না; এবার সিডনির বুকেই ঘোরাঘুরি করা হবে।
দুই বাংলায় প্রচলিত একটি ধারণার কথাও তুলে ধরেন রূপম। জানান, গুরু নাকি সহজে হাসেন না। সাক্ষাতের মুহূর্তে সেই প্রসঙ্গও টেনে আনেন রূপম। মজা করে বলেন, ইন্ডাস্ট্রিতে প্রচলিত ধারণা হলো ‘মহাগুরু’ সহজে হাসেন না। অথচ তাকে দেখে জেমসের হাসি যেন থামতেই চাইছে না, এটাও একটা রেকর্ড!
তবে আড্ডার সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে বিদায়ের সময়। জেমসের প্রতি শ্রদ্ধা জানিয়ে রূপম মাথা নত করে তার পা ছুঁয়ে সালাম করেন। রূপমকে স্নেহভরে বুকে টেনে নেন জেমস। দুই বাংলার দুই রকশিল্পীর এই আন্তরিক মুহূর্তটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পরে জেমসের সঙ্গে তোলা ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন রূপম। তার আগে কনসার্টের আয়োজকরা ভিডিওটি শেয়ার করে লিখে,“যারা সত্যিই বড়, তারা একে অপরকে ছোট করে না। এই ভিডিওটা দেখুন। দুজন মানুষ, দুই প্রজন্ম, দুই বাংলা — একজন আরেকজনের কথা বলছেন এমন সম্মান নিয়ে, যেটা আজকাল খুব কম দেখা যায় “
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
