
তেহরান,১৪ সেপ্টেম্বর- হরমুজ প্রণালির ভবিষ্যৎ ও সম্ভাব্য চুক্তি নিয়ে উপসাগরীয় দেশগুলো এবং ইরানের মধ্যে ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। সোমবার এই বৈঠক হওয়ার কথা ছিল।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঐকমত্যের স্বার্থে সালালাহ শহরে আগামীকাল নির্ধারিত আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। তবে আমাদের অঞ্চলে স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী সহযোগিতার জন্য আমরা সংলাপ এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে ব্রিকস জোটের জোরালো অবস্থানের তীব্র প্রশংসা করেছে ইরান। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের চিফ অব প্রটোকল আব্বাস মৌসাভি এক্সে দেওয়া এক পোস্টে জানান, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন এবং তাদের আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘনের কারণেই ব্রিকস দেশগুলো এতটা সাহসী অবস্থান নিয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আচরণের ক্ষেত্রে পেশিশক্তির নির্লজ্জ ব্যবহার, একপেশে নীতি এবং নিষেধাজ্ঞার বিরুদ্ধে এবারের ব্রিকস সম্মেলন অত্যন্ত স্পষ্ট ও স্বচ্ছ বার্তা দিয়েছে।
উল্লেখ্য, বৈশ্বিক জিডিপির প্রায় ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করা ১১ সদস্যের ব্রিকস জোটের সম্মেলন গত রোববার ভারতের নয়াদিল্লিতে শেষ হয়েছে। সম্মেলনে সর্বসম্মতভাবে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়, যেখানে মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
তবে ঘোষণাপত্রে ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা কিংবা উপসাগরীয় প্রতিবেশীদের লক্ষ্য করে তেহরানের পাল্টা হামলার সরাসরি কোনো নিন্দা জানানো থেকে বিরত ছিল জোটটি।
এস এম/ ১৪ সেপ্টেম্বর ২০২৬


