একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন শেষ হয়েছে রোববার রাত ৮টায়। এবার সাড়ে ৯ লাখের বেশি শিক্ষার্থী একাদশে ভর্তির জন্য আবেদন করেছে বলে জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য এশিয়া পোস্টকে জানিয়েছেন। তিনি বলেন, ‘ভর্তি আবেদন প্রক্রিয়ার দেখভালের দায়িত্বে রয়েছে বুয়েট। তারা এখনও আবেদনকারীর সংখ্যা সুনির্দিষ্ট করে জানাতে পারেনি। তবে সাড়ে ৯ লাখের বেশি আবেদন পড়েছে বলে বুয়েট থেকে জেনেছি।’
গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পেয়েছেন।
নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে।
শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

