
ঢাকা, ১৬ সেপ্টেম্বর- জাতীয় ক্রিকেট লিগের চার দিনের সংস্করণ দিয়ে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী ৩ অক্টোবর একসঙ্গে চারটি ভিন্ন ভেন্যুতে মাঠে গড়াবে জাতীয় লিগের প্রথম একাদশের আটটি দলের খেলা।
সংবাদ বিজ্ঞপ্তিতে ২৮তম জাতীয় লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এবারের জাতীয় লিগের মোট ৪টি ম্যাচ।
দেশের ৮টি বিভাগীয় দল নিয়ে আয়োজিত প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট চলবে প্রায় ৭ সপ্তাহ। আগামী ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে জাতীয় লিগের পর্দা নামবে।
জাতীয় লিগ শুরুর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৮ দলের অধিনায়কদের ব্যাগি ক্যাপ দেওয়া হবে। নিজ নিজ বিভাগের হয়ে জাতীয় লিগে খেলা সাবেক ক্রিকেটাররা অধিনায়কদের হাতে এসব ক্যাপ তুলে দেবেন।
উদ্বোধনী রাউন্ডে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা। এ ছাড়া খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও বরিশাল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট ও ময়মনসিংহ এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম ও রাজশাহী লড়বে।
এক স্তরবিশিষ্ট জাতীয় লিগে সব দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ প্রত্যেক দল ৭টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সবশেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের হাতে যাবে জাতীয় লিগের ট্রফি।
গত কয়েক আসরে জাতীয় লিগের ম্যাচগুলো মূলত ডিউক বলে খেলা হয়েছে। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আগের মতো কুকাবুরা বলেই খেলা হবে।
মিরপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনার পাশাপাশি রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও কক্সবাজার একাডেমি মাঠেও জাতীয় লিগের এবারের আসরের খেলা হবে।
এস এম/ ১৬ সেপ্টেম্বর ২০২৬
