
হলিউডে প্রথমবারের মত ইতিহাস গড়তে যাচ্ছে তামিল সিনেমা। জানা গেছে, বিজয় সেতুপতি অভিনীত ‘মহারাজা’ এবার হলিউডের পথে। মূলত ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ক্রাইম থ্রিলারটির হলিউডে রিমেক হতে চলেছে এবং হলিউডের একজন নামজাদা অভিনেতাকে নিয়েই প্রজেক্টটি শুরু হবে বলে খবর।
ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রযোজক সুধন সুন্দরম খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিনে ছবিটির দুর্দান্ত সাফল্যের পরে রিমেকের রাইটসের জন্য নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ২০২৭ সালে শুটিং শুরু হবে বলেও জানা গেছে।
ছবিতে মূল চরিত্রে কাকে দেখা যাবে, তা আপাতত গোপন রাখা হয়েছে। যদিও সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা ছবির রিমেকে ম্যাথু ম্যাককোনাঘি অভিনয় করতে পারেন। যদিও এই বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। প্রযোজক জানিয়েছেন, প্রজেক্টের সব কিছু ঠিক হয়ে গেলে এজেন্সির তরফে অভিনেতা-অভিনেত্রী এবং শুটিং সম্পর্কে বিস্তারিত জানাবে।
প্রযোজক সুধন আরও বলেন, ‘চিনে বক্স অফিসের পাশাপাশি ওটিটিতেও খুব ভালো ব্যবসা করে সিনেমাটি। একটি হলিউড এজেন্সি রিমেকের রাইটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারা এখন একজন প্রথম সারির অভিনেতাকে নিয়ে প্রজেক্টটি শুরুর চেষ্টা করছে।
তামিল ছবিতে বিজয় সেতুপতি ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। অনুরাগ কাশ্যপ ছিলেন খলনায়কের ভূমিকায়। সঞ্চনা নামিদাস বিজয়ের মেয়ের চরিত্রে অভিনয় করেন এবং পরে তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহারাজা’ চিত্রনাট্য, অভিনয় এবং অনবদ্য কাহিনির জন্যও প্রশংসিত হয়েছিল।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
