
সম্প্রতি খবর ছড়িয়েছে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘দুষ্টু কোকিল’খ্যাত পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। তাইতো স্বাভাবিকভাবেই টলিপাড়ার খ্যাতনামা নায়িকার বিয়ে নিয়ে উত্তেজনা।
যদিও মিমি নিজে ব্যাপারটা নিয়ে চুপ। তবে পুরোপুরি চুপ বলা চলে না! কারণ, নিজের প্রোফাইলে বহুবার প্রেমিকের আভাস দিয়েছেন তিনি। শুধু সেই বিশেষ মানুষটার পরিচয়ই আড়াল করে রেখেছিলেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের প্রোফাইলে বেশ অনেকগুলো সেলফি শেয়ার করে নিয়েছেন। আর ক্য়াপশনে লিখেছেন, ‘সেলফি কুমারী। বিনা মেকআপেরগুলো আমার পছন্দ, আর মেকআপওয়ালাগুলো ওনার’। ব্যস আর যায় কোথায়। মিমির বেস্ট ফ্রেন্ড অঙ্কুশ হাজির বন্ধুর লেগপুল করতে।
অঙ্কুশ কমেন্ট করলেন, ‘এই ওনার-টা কে?’ আর বন্ধুকে চুপ করিয়ে অভিনেত্রীর জবাব, ‘মাইন্ড ইয়োর ওন বিজনেস’। মিমি আর অঙ্কুশের খুনসুটি এভাবেই চলতে থাকে হামেশা। তবে আপাতত সকলের নজর মিমির এই ‘ওনার’ দিকেই। কারণ, ডিসেম্বরে বিয়ে। এবার তো একটু নায়িকার প্রেমের খবর জানতে আগ্রহ হয়ই!
জানা গেছে যে, নভেম্বরে বাগদান ও রেজিস্ট্রি করছেন মিমি। আর ডিসেম্বরে বিয়ে। তাও আবার ডেস্টিনেশন ওয়েডিং। কালিম্পংয়েই চার হাত এক হবে। আসলে জলপাইগুড়ির মেয়ে মিমি।
সূত্রের দাবি, মিমির পাত্র চলচ্চিত্র জগতের কেউ নন। তিনি নৌবাহিনীতে কর্মরত। নাম সিদ্ধার্থ। তবে সিদ্ধার্থের পরিচয় বা তার সঙ্গে মিমির সম্পর্ক নিয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। পাত্র-পাত্রী- কেউই এ বিষয়ে মুখ খোলেননি।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
