ঢাকার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় ওয়েস্টার্ণ ভ্যালী আবাসিক প্রকল্পে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের নগর পরিকল্পনা শাখার তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসানের নেতৃত্বে ১৭ অক্টোবর ২০২৬ এ অভিযান পরিচালিত হয়।
রাজউকের প্রেস রিলিজে বলা হয়, বিশদ অঞ্চল পরিকল্পনায় চিহ্নিত কৃষিজমি ও জলাশয় ভরাট করে রাজউকের অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্পের কার্যক্রম পরিচালনার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হয়।
অভিযানে কৃষি ও নিচু জমি বালু দিয়ে ভরাট এবং বিভ্রান্তিকর সাইনবোর্ড টাঙিয়ে সাধারণ মানুষের কাছে জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগে “ঢাকা ওয়েষ্টার্ন ভ্যালী” আবাসিক প্রকল্পের একটি দুইতলা সাইট অফিস ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। একটি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়। পাশাপাশি সাইনবোর্ড ও ড্রেজার পাইপ ভেঙে ফেলা হয়।
একই অভিযানে প্রকল্পটির পাশে বিধিবহির্ভূতভাবে গড়ে ওঠা “লেক আইল্যান্ড” ও “সাউথ ইস্ট হাউজিং”-এর বিলবোর্ডও উচ্ছেদ করা হয়।
রাজউক জানায়, বেসরকারি আবাসিক ভূমির উন্নয়ন বিধিমালা, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, পরিবেশ সংরক্ষণ আইন এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন অমান্য করে পরিচালিত আবাসন প্রকল্পগুলোর বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে অনুমোদনহীন ও অবৈধ আবাসন প্রকল্পে জমি বা প্লট কেনা কিংবা বুকিং দেওয়া থেকে বিরত থাকতে সাধারণ জনগণকে অনুরোধ জানিয়েছে রাজউক।
অভিযানে উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা ও মোঃ সাইফুল ইসলাম, সহকারী নগর পরিকল্পনাবিদ তামজিদ বিন রাফি, শুভ সরকার, শাহীনুর রহমান ও তৌকির আহমেদসহ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া পল্লী বিদ্যুতের প্রতিনিধি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।


