চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ খালেককে (৬৬) আটক করেছে দর্শনা ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মেহেরপুর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন এম এ খালেক। দর্শনা ইমিগ্রেশন পুলিশ তার পরিচয় ও অন্যান্য তথ্য যাচাইয়ের সময় বিষয়টি জানতে পারে। পরে তাকে আটক করে মেহেরপুর পুলিশকে খবর দেওয়া হয়।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন মিয়া বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক মেডিকেল ভিসায় এ পথে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে।’
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিকে মেহেরপুর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

