
সন্তান জন্মের পর প্রথমবারের মতো জনসমক্ষে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনা কাইফের শারীরিক গঠন নিয়ে তীব্র কটাক্ষ ও বডিশেমিং শুরু করেছে নেটিজেনদের একাংশ। সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে আম্বানি পরিবারের গণপতি উৎসবে উপস্থিত হয়েছিলেন এই বলিকন্যা।
উৎসবের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পরই ক্যাটরিনার গর্ভধারণের আগের ও পরের ছবি তুলনা করে তার ‘ক্যারিয়ার শেষ’ বলে মন্তব্য করতে থাকেন অনেকেই। তবে এই অনাকাঙ্ক্ষিত ট্রোলিং ও বডিশেমিংয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তার ‘মেরে ব্রাদার কি দুলহান’ চলচ্চিত্রের সহ-অভিনেতা ও পাকিস্তানি তারকা আলি জাফর।
সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আলি জাফর অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, নারীদের এভাবে মূল্যায়ন করার প্রবণতা নতুন কিছু নয়। এর আগেও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ট্রোলিংয়ের শিকার হলে তিনি একইভাবে রুখে দাঁড়িয়েছিলেন।
ক্যাটরিনার প্রতি সমর্থন জানিয়ে আলি জাফর বলেন, “সমাজ যেন নারীদের শরীর, পোশাক এবং জীবনযাপনকে জনসমক্ষে বিচার করার বস্তু বানিয়ে ফেলেছে। বিশেষ করে পুরুষ হিসেবে আমাদের সবারই মানসিকতা পরিবর্তন করা জরুরি। পুরুষদের তৈরি করা কৃত্রিম মানদণ্ডে নারীদের মেপে দেখা বন্ধ করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “রেনেসাঁ যুগে সৌন্দর্যের মাপকাঠি যেমন আলাদা ছিল, তেমনি পরবর্তীতে ‘জিরো ফিগার’ বা ‘সিক্স প্যাক’-এর মতো অবাস্তব ও অস্বাস্থ্যকর প্রবণতা চাপিয়ে দেওয়া হয়েছে। অন্যের ব্যক্তিগত জীবন না জেনে মন্তব্য করার চেয়ে মানুষের প্রতি আরও সহমর্মী হওয়া উচিত।”
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
