
নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে এসপি পদমর্যাদার আরও ১৮ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে র্যাবের (এসআরবি) মো. বদরুদ্দোজাকে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিমকে, রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে র্যাবের মীর মনির হোসেনকে এবং মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, নেত্রকোনার বর্তমান পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডিতে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে এসবিতে, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশে এবং মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া জাতিসংঘ মিশনে লিয়েন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও যেসব পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে, তাদের মধ্যে সিআইডির ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনে, সিআইডির মোনালিসা বেগমকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি), সিআইডির মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং পুলিশ সদর দপ্তরের মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশে বদলির আদেশপ্রাপ্ত মুহাম্মদ রহমত উল্লাহকে ঢাকার পুলিশ টেলিকমে, পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং এসবির আমীনুল ইসলামকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসে বদলি করা হয়েছে।
এ ছাড়া রাজারবাগ পুলিশ টেলিকমের মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশে, একই ইউনিটের শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশে এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) বদলি করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশে, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডিতে এবং একই ইউনিটের মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।
এদিকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহম্মেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে এবং সিআইডির আসমা আখতারকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত বদলি ও পদায়নের অংশ হিসেবে এসব আদেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

