তদন্ত নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি পাননি রিজওয়ান, পিসিবিতে দুই আবেদনেও সাড়া নেই – DesheBideshe

তদন্ত নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি পাননি রিজওয়ান, পিসিবিতে দুই আবেদনেও সাড়া নেই – DesheBideshe


মোহাম্মদ রিজওয়ান

ইসলামাবাদ, ২২ সেপ্টেম্বর- পাকিস্তান ক্রিকেটে চলমান তদন্ত এবং নিজের মোবাইল ফোন জব্দের ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বলতে চেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে দুই দফা অনুমতি চেয়েও কোনো সাড়া পাননি এই উইকেটকিপার ব্যাটার।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি ইংল্যান্ড সফর থেকে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠায় পিসিবি। তাদের মধ্যে ছিলেন রিজওয়ান ও ইমাম উল হক। এরপর সম্ভাব্য দুর্নীতি ও অনলাইন জুয়ায় সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখতে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি। প্রায় দুই ঘণ্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে পিসিবির নিরাপত্তা দল তাদের মোবাইল ফোন জব্দ করে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পুরো ঘটনা নিয়ে জনসম্মুখে নিজের অবস্থান পরিষ্কার করতে চেয়েছিলেন রিজওয়ান। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়েও ব্যাখ্যা দিতে চেয়েছিলেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। তদন্তের প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কাছেও চিঠি দিয়েছিলেন তিনি।

কেন্দ্রীয় চুক্তির শর্ত মেনেই প্রকাশ্যে কথা বলার জন্য পিসিবির অনুমতি চেয়েছিলেন রিজওয়ান। চুক্তির ৪.১ ধারা অনুযায়ী, চুক্তির আওতাভুক্ত কোনো বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার আগে খেলোয়াড়দের বোর্ডের অনুমতি নিতে হয়। তবে রিজওয়ানের করা দুই আবেদনের কোনোটিতেই অনুমতি দেয়নি পিসিবি।

জিও নিউজের সূত্রের দাবি, রিজওয়ানের উদ্দেশ্য পিসিবি বা অন্য কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তোলা নয়। বরং পুরো ঘটনার ধারাবাহিকতা এবং এ বিষয়ে নিজের অবস্থান সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই তিনি কথা বলতে চেয়েছিলেন।

এস এম/ ২২ সেপ্টেম্বর ২০২৬