খুলনা মেডিকেলে শিক্ষানবিশ চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

খুলনা মেডিকেলে শিক্ষানবিশ চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। মেডিসিন বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) মো. জহিরুল হককে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়ার প্রতিবাদে আজ শনিবার বেলা একটা থেকে তাঁরা এ কর্মবিরতি শুরু করেন। সন্ধ্যা ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কর্মবিরতি চলছিল।

শিক্ষানবিশ চিকিৎসকেরা জানান, গত বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আমানুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে চিকিৎসক জহিরুল হককে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই আদেশে বলা হয়, বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক এ বি এম সাইফুল আলম ৩০ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে যাবেন। তাঁর শেষ কর্মদিবসে জহিরুল হক দায়িত্বভার গ্রহণ করে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন।