
নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে পরিচিত মুখ ছিলেন কানিজ রাবেয়া রথি। আমিন খানের বিপরীতে ‘অবুঝ দুটি মন’ সিনেমায় অভিনয় করে রাতারাতি দর্শকের কাছে পরিচিতি পান তিনি। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটি রথিকে পৌঁছে দেয় দেশের আনাচকানাচে। এরপর হঠাৎ করেই নিজেকে সরিয়ে নেন অভিনয় ও মিডিয়া থেকে।
দীর্ঘদিন পর বুধবার (৩০ সেপ্টেম্বর) আবারও দেখা মিলল সেই রথির। ইমপ্রেস টেলিফিল্মের ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন নিজের বর্তমান জীবন, অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কারণ এবং ফেরার সম্ভাবনা নিয়ে।
দীর্ঘদিন মিডিয়া থেকে দূরে থাকার বিষয়ে রথি বলেন, “অনেকদিন মিডিয়া থেকে দূরে ছিলাম, এখনো আছি। ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমার প্রিমিয়ারে ইনভাইট করেছিল বলেই এসেছি। সবার সঙ্গে দেখা হচ্ছে, ভালো লাগছে।”
‘অবুঝ দুটি মন’খ্যাত এই অভিনেত্রী জানান, পারিবারিক কিছু সমস্যার কারণেই একসময় অভিনয় থেকে সরে দাঁড়িয়েছিলেন। রথি বলেন, “পারিবারিক কিছু ঝামেলা ছিল, এজন্যই অভিনয় ও মিডিয়া থেকে দূরে চলে গিয়েছিলাম। এখন পরিবার নিয়ে ঠিকঠাক আছি।”
বর্তমানে দুই সন্তানকে নিয়ে তার সংসার। এক ছেলে ও এক মেয়ের মা রথি। ছেলে দানিশ এবং মেয়ে জান্নাত।
নব্বইয়ের দশকের সহকর্মীদের অনেকের সঙ্গেই এখন আর নিয়মিত যোগাযোগ নেই রথির। তবে চলচ্চিত্রের প্রতি আগ্রহ এখনো আছে। নতুন কোনো সিনেমা মুক্তি পেলেই হলে গিয়ে দেখার চেষ্টা করেন তিনি।
বর্তমান চলচ্চিত্র অঙ্গনের পরিবর্তন নিয়েও ইতিবাচক রথি। তার ভাষায়, “এখন তো অনেক উন্নত। সিনেমা হলে এসে সিনেমা দেখার পরিবেশ সুন্দর হয়েছে। নতুন সিনেমা মুক্তি পেলেই এজন্য চলে আসি।”
দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফেরার সুযোগ এলে কী করবেন- এমন প্রশ্নে রথি জানান, ভালো কোনো কাজ পেলে অভিনয়ে ফেরার কথা ভাববেন।
তিনি বলেন, “এখন তো আসলে ছেলে-মেয়ে বড় হয়ে গেছে। তবে ভালো কিছু পেলে কাজ করার চিন্তা করব, নাহলে নয়। অনেক বছর গ্যাপ হয়ে যাওয়াতে ফিরে আসার সাহস পাই না।”
রথির অভিনয়জীবনের শুরু নব্বইয়ের দশকে। এর আগে সুভাষ দত্তের ‘আগমন’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তখনো স্কুলের শিক্ষার্থী ছিলেন। পরে ‘ফটোসুন্দরী’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে আলোচনায় আসেন। এরপর আমিন খানের বিপরীতে ‘অবুঝ দুটি মন’ সিনেমায় অভিনয় করেন।
চলচ্চিত্রের পাশাপাশি মোস্তফা কামাল রাজ, তাহের শিপন ও রেদওয়ান রনির নাটকেও অভিনয় করেছেন রথি। ব্যক্তিজীবনে তিনি সংগীতশিল্পী জেমসের সাবেক স্ত্রী হিসেবেও আলোচিত।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




